চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান চলাকালে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এদিন দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বিজিবি সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এ সময় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।
এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ পড়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করে। তল্লাশিতে কালো পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে প্রস্তুত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ পাচারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































